গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে গণমাধ্যম যেন অভাবে না থাকে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই। আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, সংবাদ-গণমাধ্যম শুধু নয় দেশের জন্যও এটি ভালো সুফল বয়ে আনবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের সন্তানদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, এই অবদান ভুলার মতো নয়। যদি গণমাধ্যম সঠিক তথ্য জনগণের মাঝে তুলে না ধরতো তাহলে এই গণতন্ত্র আমরা নাও পেতে পারতাম। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাই-বোনদের যে সমস্যাগুলো আছে এটা সমাধান করা প্রয়োজন। সাংবাদিক ভাই-বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে। প্রকৃত সাংবাদিকরা যেন তাদের পেশাদারত্ব বজায় রাখতে পারে। সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার। আমরা জণগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারের দায়িত্ব পেয়েছি। আপনাদের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো। কারণ আপনারা যে বস্তুনিষ্ট সংবাদ প্রচার করে গেছেন তা গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যাহত রাখবেন। সরকার ভুল করলে আপানার ধরিয়ে দেবেন। তবে কেই যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। সত্যকে সত্য, সাদাকে সাদা আমরা সেটাই দেখতে চাই। আমরা যদি ভবিষ্যতে সরকারে নাও থাকি তারপরও সাদাকে সাদা, কালোকে কালো এই ধারটা যেন অব্যাহত থাকে সেই দিকে নজর রাখবেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলার সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীসহ ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর