অপসারণ করা হলো মহাসড়কের পাশে থাকা সেই ময়লার ভাগাড়

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা সেই ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নতুন বাজার পুলিশ লাইনের সামনে থাকা দীর্ঘদিনের ময়লার ভাগাড় পৌরসভার সহযোগিতা নিয়ে পরিষ্কার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক রোমান।
জানা গেছে, গত মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ময়লার ভাগাড় নিয়ে "রাজবাড়ীতে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উঠে আসে, ময়লার ভাগাড়ের কারণে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয়দের দুর্ভোগ ও দুর্দশার কথা। সংবাদটি প্রকাশিত হলে নজড়ে আসে জেলা ছাত্রদলের আহ্বায়ক মানবিক ছাত্র নেতা হিসেবে পরিচিত আরিফুল ইসলাম রোমানের। তিনি ময়লার ভাগাড়টি পরিষ্কারের জন্য একাধিক দপ্তরে ছোটাছুটি করলেও তেমন কোন সাড়া পাননি। পরে তার ব্যক্তিগত উদ্যোগে ও পৌরসভার সহযোগিতা নিয়ে আজ সেই ময়লার ভাগাড় পরিষ্কারে কাজ শুরু করেছেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, দীর্ঘদিন ধরে এই পুলিশ লাইনের সামনে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তূঁপ জমে ছিল, এতে সাধারণ মানুষের চলাচলে যেমন দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। ঠিক তেমনি দেখতেও দৃষ্টিকটু লাগছিল। একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি এটা পরিষ্কারের জন্য পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে ঘুরেছি, বিভিন্ন কর্মকর্তাদের কাছে গিয়েছি। আজকে তার ফল মিলেছে। আমি এবং জেলা ছাত্রদলের সর্বস্তরের মানুষের সহযোগিতায় ও পৌরসভার সহযোগিতায় এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, সুন্দর পৌরসভা গড়ে তুলতে হলে অবশ্যই শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্বের জায়গা থেকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা ড্রেন পরিষ্কার করছি, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে থাকা ময়লা আবর্জনার ভাগাড় পরিষ্কার করছি। আমরা বিভিন্ন খেলার মাঠ পরিষ্কার করব। বর্ষার আগেই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নেব। পর্যায়ক্রমে আমরা পৌরবাসীর জন্য একাজগুলো করব।
রোমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও পৌর শহরের বাসিন্দারা। তারা বলছে, রোমানের মতো এমন চিন্তা-চেতনা ও মানসিকতা নিয়ে সবাই এগিয়ে আসলে সমাজের চিত্রটাই পাল্টে যাবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ