লক্ষ্মীপুরে ৩ রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে তিনটি রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রমিক হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা ও শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রাস্তার ফুটপাত দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতারসামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হয়েছে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। এসব ঘটনায় জরিমানার পাশাপাশি তাদেরক কঠোরভাবে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার, মো. আবিদ আহসান খান আকাশ, বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব ও লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী প্রমুখ।
নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা আমাদেরকে সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাসান মাহমুদ শাকিল/এএমকে