মানিকগঞ্জে ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, ভেঙে ফেলা হলো চিমনি

মানিকগঞ্জে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সোমবার (২মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলায় লেমুবাড়ী ও বার্তা এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ভাটাকে ৬ লাখ করে মোট ১৮ লাখ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম।
ইটভাটাগুলো হলো- মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী এলাকার মেসার্স একতা ব্রিকস ও মেসার্স এমিকা ব্রিকস এবং একই উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বার্তা এলাকার মেসার্স এস.এম.এস ব্রিকস।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে সদর উপজেলার পুটাইল ও বেতিলা মিতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মেসার্স একতা ব্রিকস, মেসার্স এমিকা ব্রিকস ও মেসার্স এস.এম.এস ব্রিকসকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে এবং চলমান থাকবে।
সোহেল হোসেন/আরএআর