প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

বিদ্যুৎখাতে হয়রানি ও বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংগঠনের সদস্য সচিব পলাশ কান্তি নাগ সংবাদ সম্মেলনে সেই খোলা চিঠি পাঠ করেন।
এতে উল্লেখ করা হয়, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ সারাদেশে বাসা বাড়ি, অফিস-আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জবরদস্তিমূলকভাবে প্রি-পেইড মিটার স্থাপন করে চলেছে। বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎখাতে চুরি, অপচয় রোধ, ওভারলোড ও বকেয়া বিল ঠেকাতে এ পদক্ষেপ গ্রহণ করার কথা বললেও প্রকৃতপক্ষে বিদ্যুৎ বিভাগের ব্যর্থতার দায়ভার গ্রাহকের কাঁধে চাপিয়ে দিতে প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ আইনের ৫৬ ধারা মোতাবেক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানিকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হবে। কিন্তু প্রি-পেইড মিটার পদ্ধতিতে কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে তা বিচ্ছিন্ন হয়ে যায়, যা আইনের পরীপন্থি।
বর্তমানে উচ্চ আদালতে গ্রাহক শোষণ ও হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। কিন্তু সেই রিট নিষ্পত্তির আগেই হয়রানিমূলকভাবে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশে সকল মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব। তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করে বিষয়টি পুনর্বিবেচনা এবং গ্রাহকদের মতামত গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। অবিলম্বে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে ঈদের পর হরতাল পালনের হুঁশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী, সংগঠক নৃপেন্দ্র নাথ রায়সহ অন্যরা।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ