সিরাজগঞ্জে ‘মিঠু ডাক্তার’র ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়ী বাজার এলাকায় ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে নাজমুল ইসলাম মিঠু নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এ দণ্ডাদেশ দেন।
অভিযানের সময় যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি কোনো স্বীকৃত ডিগ্রিধারী চিকিৎসক নন এবং চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন লেখার বৈধতামূলক কোনো সনদও তার নেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, নাজমুল ইসলাম মিঠু দীর্ঘদিন ধরে ‘মিঠু ডাক্তার’ নামে পরিচিত হয়ে এলাকায় রোগী দেখতেন। তার চেম্বারে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসতেন। চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিজের ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে লেখা ওষুধ কিনতে রোগীদের বাধ্য করার অভিযোগও রয়েছে।
নাজমুল হাসান/এমএএস