‘বরখাস্ত’ চেয়ারম্যানকে দিয়ে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ

বরখাস্ত করার পরও নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনকে দিয়ে ভিজিএফের চাল বিতরণ করার অভিযোগ উঠেছে। এতে অনেক অসহায় ও দুস্থ মানুষ বঞ্চিত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
ইউপি সদস্যরা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা এনে সকল ইউপি সদস্য অভিযোগ দায়ের করেন। গত বছরের ২২ মার্চ তাকে বরখাস্ত করে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে সেটি বাতিল আদেশ নিয়ে আসেন। এতে আবার ইউপি সদস্যরা সেটির বিরুদ্ধে আপিল করলে তাকে বরখাস্ত করেন আদালত। তবে এবার আদালতের রায় অমান্য করে তাকে দিয়ে অসহায় দুস্থ মানুষের জন্য ঈদ উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এটি সরাসরি আদালতের নির্দেশনা অমান্য।
তারা আরও বলেন, সুজাউদ্দৌলা লিপটন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিলেন। কোনো রকম উন্নয়নমূলক কাজ করেননি। পরে তাকে আদালত থেকে বরখাস্ত করা হয়েছে। তবুও এবার জেলা প্রশাসন তাকে দিয়ে ভিজিএফের চাল বিতরণ করেছে। আমরা সেটির প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইউনিয়ন পরিষদে প্রশাসক বহাল রাখার দাবি জানাই।
এ সময় ইউপি সদস্য ডাবলু মিয়া বলেন, লিপটন চেয়ারম্যানকে আদালত বরখাস্ত করলেও সেটি না মেনে প্রশাসন তাকে দিয়ে দুস্থ-অসহায় মানুষের চাল বিতরণ করেছে। সেটিতে তিনি বিভিন্ন অনিয়ম করেছেন। সরকারি চাল রাতের আঁধারে নিয়ে এসেছেন। এছাড়াও ওয়ার্ড কমিটি করার কথা থাকলেও সেটি করা হয়নি। আমরা এসব বিষয় তদন্ত করে সেখানে প্রশাসক বহাল রাখার দাবি জানাই।
বিজ্ঞাপন
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন বলেন, আমি বর্তমানে চেয়ারম্যান হিসেবে বহাল আছি। তারা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাছাড়া প্রশাসন সবকিছু মেনে আমাকে চাল বিতরণ করার জন্য দিয়েছে। আমার সচিব কয়েকবার তাদের নোটিশ দিয়ে ডেকেছে তারা আসেনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান বলেন, সেখানে ২৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বরখাস্ত হয়েছে এমন কোনো ধরনের বিষয় আমার জানা নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, এখন পর্যন্ত জেলা প্রশাসন বা কোথাও থেকে এমন কোনো রকমের চিঠি পাইনি। চিঠি পেলে সেখানে প্রশাসক নিয়োগ করা হবে।
বিজ্ঞাপন
শাহজাহান ইসলাম লেলিন/আরএআর