কেসিসির গাড়ির তেল চুরির সময় স্থানীয়দের হাতে চালক আটক

খালিশপুর নিউমার্কেট ময়লার স্টেজ পয়েন্ট থেকে কেসিসির গাড়ির তেল চুরির করার সময় চালক এনায়েত হোসেন বাবলুকে স্থানীয়রা আটক করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তাকে আটক করা হলে কেসিসির কনজারভেন্সি কর্মকর্তার হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
কনজারভেন্সি সুপারভাইজার নুরুজ্জামান সুমন জানান, নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ এর পাশে বসা ছিলেন তিনি। এ সময় ব্যাক হুইল লোডারের চালক বাবলু তাকে দেখে উচ্চস্বরে কথা বলে বাইরে চলে যায়। বিষয়টি তার কাছে সন্দেহ হয়। ডাম্পিং পয়েন্টের ভেতরে গিয়ে দেখে হেলপার সুরুজ একটি পাইপের মাধ্যমে ট্যাংকি থেকে ক্যানে ৩৫ লিটার তেল বের করেছে। ভিডিও চিত্র ধারণ করতে গেলে প্রথমে তাকে বাধা দেওয়া হয়। পরে তাকে মারধর এবং গলা চেপে শ্বাসরোধ করে চালক।
তিনি আরও জানান, তাদের দু’জনের হাত থেকে প্রাণে বেঁচে রাস্তায় উপস্থিত স্থানীয়দের বিষয়টি জানান। তারা এগিয়ে এসে চালক ক্যানে ১০ লিটার রেখে বাকি তেল ময়লার ভেতরে ফেলে দেয়। স্থানীয়রা তাকে আটক রেখে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে বিষয়টি আবগত করে। পরে সেখানে কনজারভেন্সি অফিসার প্রকৌশলী আনিসুর রহমান ও সহকারী কনজারভেন্সি অফিসার জিয়াউর রহমান জিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।
এদিকে গাড়ি চালক বাবলু বলেন, তেলের ভেতর ময়লা জমে ছিল। তাই ফিল্টার পরিষ্কার করতে গেলে ট্যাঙ্কি থেকে তেল নামাতে হয়। এ ঘটনার আগে খুলনা থেকে মিস্ত্রীদের এখানে আসার জন্য খবর দেওয়া হয়েছিল। তাছাড়া বুধবার বিকেলে সুমনের সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল। এ ঘটনার জের ধরে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়েছে।
বিজ্ঞাপন
কেসিসির সহকারী কনজারভেন্সি অফিসার জিয়াউর রহমান জিয়ার বলেন, প্রশাসক স্যার আমাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। আমরা উপস্থিত সাধারণ জনতা এবং সুমন ও নুরুজ্জামানের কাছে বিষয়টি শুনেছি। উভয়কে লিখিত ব্যক্তব্য দেওয়ার কথাও তাদের জানিয়েছি। এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
মোহাম্মদ মিলন/এমএএস