তিন দিনে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গে গেল ৮০ হাজারের বেশি যানবাহন

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের চাপের কারণে যমুনা সেতুতে তিন দিনে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় ব্যাপকভাবে বেড়েছে। ঈদের ছুটির শুরু হওয়ায় সোমবার (১৬ মার্চ) থেকে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মোট ৮০ হাজার ৪১৩টি যানবাহন পারাপার হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিনের দেওয়া টোল আদায় ও যানবাহন পারাপারের হিসাব থেকে এসব জানা গেছে।
সেই হিসেবে সোমবার ঈদের ছুটির প্রথম দিনে সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২০ হাজার ৭৫টি। একই দিনে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ১৫ হাজার ৫৮৩টি।
মঙ্গলবার (১৭ মার্চ) ছুটির দ্বিতীয় দিনে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। এদিন মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন ছিল ১৯ হাজার ৪৪৫টি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) তিন দিনের মধ্যে সর্বোচ্চ চাপ দেখা দেয়। সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়। এদিন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ৩২ হাজার ৮৪০টি, আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন ছিল ১৮ হাজার ৭৪৪টি।
মোট তিন দিনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৪১৩টি, যা ঈদযাত্রার বাড়তি চাপকে স্পষ্টভাবে তুলে ধরেছে। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ৫৩ হাজার ৭৭২টি।
স্বাভাবিক দিনে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। তিন দিনের এই চাপ ঈদযাত্রার বাড়তি ভিড় ও যানজটের প্রমাণ হিসেবে ধরা দিচ্ছে। সেতুর দুই প্রান্তে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ ও কর্তৃপক্ষের তদারকি অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
তবে যমুনা সেতুর দুই পারই এবারের ঈদে মুদ্রার এপিঠ ও ওপিঠ এর মতো। যমুনা সেতুর পূর্বমুখী লেনে যানজট থাকলেও পশ্চিমমুখী তথা সিরাজগঞ্জ মহাসড়কে কোনো ধরণের যানজট দেখা যায়নি। যানবাহনের চাপ থাকলেও সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে যানবাহনগুলো স্বাচ্ছন্দে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছাতে পারছে।
নাজমুল হাসান/আরএআর