অটোরিকশা উল্টে বাবা নিহত, মা-মেয়েসহ আহত ৪

মাদারীপুরের কালকিনিতে অটোরিকশা উল্টে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার বাশগাড়ী ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে। এ দুর্ঘটনায় চান মিয়ার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাশগাড়ীর উদ্দেশ্যে আসার পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়। এতে চান মিয়াসহ ৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আজগর আলী বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চান মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আরকে