দৌলতদিয়ায় বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এতে এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে আসলেও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন সাঁতরে পারে উঠতে পেরেছে বলে জানা গেছে। বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করার মুহূর্তে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যহত হয়েছে। টানা ৪০ মিনিটের বেশি সময় ধরে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হয় ঘাট এলাকায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে, তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। এখন পর্যন্ত পানির নিচ থেকে বাসটি শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এদিকে স্বজনদের খোঁজে ঘাট এলাকায় অবস্থান করছে মানুষ। তারা স্বজনদের মরদেহ হাতে পাওয়ার আশায় প্রহর গুনছেন।
স্বজনদের অভিযোগ উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে তাৎক্ষণিক আসলেও উদ্ধার অভিযান শুরু করেনি।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জাামান সৌরভ/এএমকে