বিজ্ঞাপন

সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

অ+
অ-
সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে অবস্থিত বিভিন্ন তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ)  বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ থেকে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্লাটুন দায়িত্ব পালন করছে।

বিজিবি আরও জানায়, জাতীয় সম্পদের সুরক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন করে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।

এছাড়া অবৈধ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা প্রতিরোধ এবং সীমান্ত পথে তেল পাচার ঠেকাতে সীমান্তবর্তী এলাকাসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মাসুদ আহমদ রনি/এসএইচএ