মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া তেল পাম্পে জ্বালানি তেল নেওয়া নিয়ে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ সময় তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন পুলিশ কনস্টেবল গোপাল চন্দ্র কর।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে বাঁশবাড়িয়া গ্রামে অবস্থিত মের্সাস গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর গাংনী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
তিনি জানান, মোটরসাইকেল আরোহীদের জন্য ৫০০ টাকার নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছিল। তবে অতিরিক্ত তেল নেওয়া নিয়ে কয়েকজনের সঙ্গে পাম্প কর্মচারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি হামলার শিকার হয়েছি, আমার বুকে ও হাতে আঘাত করা হয় এবং হামলাকারীদের ভিডিও ধারণ করায় আমার ব্যবহৃত ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত কনস্টেবলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এসএসইচএ
