নাটোরের সিংড়ায় বরাদ্দকৃত জ্বালানি তেল মাঝপথে অন্য দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার জামতলী এলাকায় যমুনা অয়েল কোম্পানির ডিস্ট্রিবিউটর ‘মেসার্স আঁখি ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
জানা গেছে, জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে সিংড়া উপজেলার চারটি ফিলিং স্টেশনে নিয়মিত তদারকি চলছে। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত আঁখি ফিলিং স্টেশনে গিয়ে একটি তেলবাহী ট্যাংকার (ঢাকা মেট্রো-হ ২০-৬১০৯) পরীক্ষা করে। সেখানে দেখা যায়, বরাদ্দ দেওয়া ৪ হাজার ৫০০ লিটার পেট্রোলের মধ্যে ১ হাজার ৫০০ লিটার এবং সমপরিমাণ ডিজেলের মধ্যে ৫০০ লিটার তেল কম রয়েছে।
পরবর্তীতে ট্যাংকারের চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, আঁখি ফিলিং স্টেশনের জন্য আনা তেলের একটি অংশ তারা পথে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকার অন্য একটি পাম্পে বিক্রি করে দিয়েছেন।
বিজ্ঞাপন
অনুমতি ছাড়া সরকারি বরাদ্দের তেল অন্যত্র সরিয়ে ফেলার অপরাধে ট্যাংকারের ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, জ্বালানি তেলের বিক্রয় ও বণ্টনে কোনো ধরনের অনিয়ম বা নৈরাজ্য সহ্য করা হবে না। অসাধু ব্যবসায়ীদের রুখতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
আশিকুর রহমান/এমএন
