সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমির কাঁচা ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার।
বিজ্ঞাপন
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে ওয়ারিছ আলী ও আকল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমির কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হলেও আকল মিয়ার পক্ষের বিল্লাল হোসেন (৩৮) অবস্থা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার ঢাকা পোস্ট কে বলেন, ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তামিম রায়হান/এমএন
