কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) বিকেলে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলারকে প্রতিদিন তেল বিতরণ শুরুর আগে তাদের মজুতের তথ্য দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। একইসঙ্গে বোতল, ড্রাম বা কনটেইনারে করে কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি বা সংগ্রহ করা যাবে না। তবে সরকারি বা বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অনুমোদিত বিশেষ কাগজের মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
এছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের ক্ষেত্রে জ্বালানি সংগ্রহের সময় বৈধ কাগজপত্র—যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড ও ট্যাক্স টোকেন—সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তা প্রদর্শন করতে হবে।
মোটরসাইকেলের জন্য নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন আরও জানায়, ফিলিং স্টেশন ও ডিলার কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। কেউ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মমিনুল ইসলাম বাবু/এমএন
