বিজ্ঞাপন

ভৈরবে মাদরাসাছাত্রীকে অপহরণচেষ্টা, ভুয়া সাংবাদিকসহ আটক ২

অ+
অ-
ভৈরবে মাদরাসাছাত্রীকে অপহরণচেষ্টা, ভুয়া সাংবাদিকসহ আটক ২

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদরাসায় যাওয়ার পথে ১৬ বছর বয়সি এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সাংবাদিক পরিচয়ধারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে মাদরাসায় যাওয়ার সময় ‘ভাই ভাই ভিলা’ এলাকার সামনে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ছাত্রীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন- পৌর শহরের গাছতলাঘাট এলাকার মো. জসিম মিয়া (৪৮) ও তার সহযোগী মো. রনি মিয়া (৩২)। অভিযোগ রয়েছে, জসিম মিয়া নিজেকে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. হারুনুর রশীদের লিখিত অভিযোগে জানা যায়, জসিম মিয়া দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনার দিন সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তারা অপহরণের চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক নারীর দায়ের করা একটি চেক সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে জসিম মিয়া তার সঙ্গে যোগাযোগ করে নিজেকে সাংবাদিক পরিচয় দেন এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি নিয়মিত হুমকি ও হয়রানি করতেন। এমনকি এক পর্যায়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকা ছাড়ারও হুমকি দেন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, অভিযুক্ত জসিম মিয়ার বিরুদ্ধে সাংবাদিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমএন

বিজ্ঞাপন