বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ সংলগ্ন বান্দরোড এলাকায় অবস্থিত এলএইচডি ঘাট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বস্তির বাসিন্দা নুরুল ইসলাম কালুর ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের জাপান বেপারি ও ইউনুস খানের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং মাত্র ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় অন্তত দেড় শতাধিক ঘর ও দোকানঘর রক্ষা পেয়েছে।
বিজ্ঞাপন
বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ওই বস্তিতে প্রায় দেড় শতাধিক বসতবাড়ি ও দোকান রয়েছে। রাতে এ ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বস্তিবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরিফ হোসেন/এমএন
