ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে মোট ৭৯টি শিশু চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সময়ে এসব শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়। তাদের সবাইকে হাসপাতালের নির্ধারিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১৭২টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত এই রোগে মারা গেছে ৫ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১০টি শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি ১২৯টি শিশুর নমুনা সংগ্রহ করে বাংলাদেশের ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৭টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে এবং সেগুলোর মধ্যে ৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামের লক্ষণ নিয়ে ভর্তি শিশুদের জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে ৬৪ শয্যার বিপরীতে বর্তমানে ৭৯টি শিশু ভর্তি থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
আরকে
