বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানে নেই লাইসেন্স, সেবায় অনিয়ম

অ+
অ-
নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানে নেই লাইসেন্স, সেবায় অনিয়ম

লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়া, অতিরিক্ত সেবামূল্য আদায় এবং প্রয়োজনীয় চিকিৎসক-টেকনিশিয়ানের ঘাটতির অভিযোগে নারায়ণগঞ্জ শহরের দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নবাব সলিমুল্লাহ রোড, সদর ও আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো পপুলার মেডিকেল সার্ভিসেস ও মিতু ক্লিনিক।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে বৈধ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের সেবা প্রদান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি সেবামূল্য আদায় এবং পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাব পাওয়া যায়। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২–এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ও ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মেহেদী হাসান সৈকত/এসএইচএ