বিজ্ঞাপন

আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরে চার গ্রামের সংঘর্ষ, আহত ১৪

অ+
অ-
আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরে চার গ্রামের সংঘর্ষ, আহত ১৪

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ সময় বাজারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষে এক পক্ষে মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অন্যপক্ষে ওই ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন নেতৃত্ব দেয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে ওই তিনটি গ্রামের লোকদের সঙ্গে মনসুরাবাদ গ্রামের লোকদের আগে থেকেই বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদ গ্রামে এলে তাকে মারধর করা হয়।

বিজ্ঞাপন

এ খবর শোনার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে ভাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হন। এর মধ্যে মনসুরাবাদের ১০ জন ও বাকি তিনটি গ্রামের চারজন রয়েছেন। সংঘর্ষের সময় মনসুরাবাদ বাজারের চার-পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

জহির হোসেন/এসএইচএ 

বিজ্ঞাপন