বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে বিভিন্ন এলাকার ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানাসহ আরও কয়েকটি এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
কুকুরের কামড়ে গুরুতর আহতরা হলেন- পাথরঘাটা উপজেলার লাকুরতলা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর (৫৮) এবং পদ্মা এলাকার বাসিন্দা আমেনা (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় হঠাৎ করে একটি বেওয়ারিশ কুকুর স্থানীয়দের ওপর আক্রমণ করে কামড়াতে শুরু করে। এ সময় ওই এলাকার হিরু জমাদ্দার নামে এক বাসিন্দার পরিবারের তিন সদস্যকে কামড়ে আহত করে। পরে কুকুরটি হাড়িটানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে আরও কয়েকজন নারী-পুরুষ ও শিশুর ওপর আক্রমণ করে কামড়ে আহত করে। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর ও আমেনা নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে ১২ জন চিকিৎসা নিতে এসেছেন। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে গুরুতর আহত হওয়া দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন নেই। আহত রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে বলেও জানান তিনি।
আব্দুল আলীম/এসএইচএ
