বিজ্ঞাপন

হটস্পট বরগুনার সদরে ২৩ হাজার শিশু পাবে হামের টিকা

অ+
অ-
হটস্পট বরগুনার সদরে ২৩ হাজার শিশু পাবে হামের টিকা

হামের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ১৮টি জেলার মোট ৩০টি উপজেলায় শিশুদের হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় হামের হটস্পট বরগুনা সদর উপজেলায়ও শুরু হয়েছে টিকা প্রদান কর্মসূচি।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে এ উপজেলায় নির্ধারিত বয়সের কমপক্ষে ২৩ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুনাভ চৌধুরী।  

রোববার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালসহ সদর উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মোট ১১টি কেন্দ্রে প্রথমদিন শিশুদের এ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, হামের হটস্পট বরগুনা সদর উপজেলায় টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪০টি কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের এ টিকা প্রদান করা হবে। এর মধ্যে বরগুনা পৌরসভায় ২৫টি এবং উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রথমদিন পৌরসভার ৫টি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। ২১ দিনব্যাপী জরুরি মুহূর্তে হামের এ বিশেষ টিকা প্রদান কার্যক্রমে বরগুনা সদর উপজেলার ২৩ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে।  

বিজ্ঞাপন

সরেজমিনে বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকা প্রদান কেন্দ্র ঘুরে দেখা যায়, টিকা প্রদান শুরুর সঙ্গে সঙ্গেই শিশুদের নিয়ে হাসপাতাল কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা।

একত্রে একাধিক শিশু কেন্দ্রে আসায় মাঝেমধ্যে জটলাও তৈরি হচ্ছে। তবে টিকা প্রদানে নিয়োজিত কর্মীরা সুশৃংখলভাবে শিশুদের টিকা প্রদান করছেন।

বরগুনা শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা মিষ্টি বিশ্বাস সকালের শুরুতেই সাত মাস বয়সী শিশু শ্রেয়সীকে নিয়ে হাসপাতাল কেন্দ্রে টিকা দিতে এসেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, নয় মাস বয়স হলে হামের টিকা দেওয়ার কথা। তবে সরকারের ঘোষণা শুনেছি ছয় মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়া হবে। এছাড়া হামের প্রাদুর্ভাব বেড়েছে। আর এ কারণেই সবার শুরুতেই বাচ্চাকে নিয়ে টিকা দিতে এসেছি।  

বিজ্ঞাপন

পাঁচ বছর বয়সী তাইয়েবা নামে আরেক শিশুর মা নাসরিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়েকে ছোট সময় টিকা দিয়েছি। কিন্তু এখন আবার সরকার ঘোষণা করেছে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দিতে হবে। এ কারণেই মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি।   

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) মো. এনামুল কবির ঢাকা পোস্টকে বলেন, আজকে থেকে আমাদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকারি ছুটি বাদে প্রতিদিনই নির্ধারিত বয়সের শিশুদেরকে টিকা প্রদান করা হবে। এর জন্য যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন তা আমাদেরকে দেওয়া হয়েছে। যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে চাহিদা অনুযায়ী আমাদেরকে ভ্যাকসিন সরবরাহ করা হবে।   

বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুনাভ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার সঙ্গে বরগুনা সদর উপজেলায় হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি মুহূর্তে সদর উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। এ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রত্যেক শিশুকে সিঙ্গেল এক ডোজ করে হামের টিকা দেওয়া হবে। 

উল্লেখ্য, বরগুনা সিভিল সার্জন অফিসের সব শেষ তথ্য অনুযায়ী, বরগুনা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ১৪৯ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে পরীক্ষার পর ২৫ জনের হাম ও একজনের রুবেলা আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন রোগী। তবে হাম আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মোট তিন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। 

আব্দুল আলীম/আরকে