বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় টানা চার মাস ধরে বন্ধ রয়েছে জরুরি রোগী পরিবহন সেবা। এতে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ৫০ শয্যার এই হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। তবে গত বছরের ডিসেম্বর মাসে চালক মো. জব্বার হাওলাদার অসুস্থ হয়ে ছুটিতে যান এবং চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। এরপর থেকেই অ্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে।
বর্তমানে অ্যাম্বুলেন্সটি ব্যবহার না হওয়ায় একদিকে জরুরি রোগী পরিবহন বন্ধ, অন্যদিকে ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। আগে যেখানে সরকারি অ্যাম্বুলেন্সে বরিশাল যেতে খরচ হতো প্রায় ৯৫০ টাকা, এখন বেসরকারি ব্যবস্থায় ২-৩ হাজার টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা জানান, সরকারি সেবা বন্ধ থাকায় বাধ্য হয়ে বেশি খরচে রোগী পরিবহন করতে হচ্ছে, যা তাদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন, নতুন চালক নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি।
স্থানীয়দের দাবি, দ্রুত চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হোক। না হলে জরুরি চিকিৎসা সেবায় সংকট আরও বাড়বে।
এসএইচএ
