রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চক্ষু অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত রাঙামাটি জেনারেল হাসপাতালে গত ৪২ বছর ধরে চোখের অস্ত্রোপচার সেবা চালু ছিল না। বর্তমানে নতুন এই সেবা চালু হওয়ার ফলে চোখের অপারেশনের জন্য রাঙামাটিবাসীকে ঢাকা-চট্টগ্রামের ওপর নির্ভর করতে হবে না।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে কাজল তালুকদার বলেন, চোখ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ দৃষ্টিশক্তি হারালে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে চক্ষু চিকিৎসক ডা. রোমেল চাকমা উদ্যোগ নিয়ে এই কার্যক্রম শুরু করেছেন।
তিনি আরও বলেন, এ সেবাকে ভবিষ্যতে আরও সম্প্রসারণ করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সকলকে দায়িত্বশীল থাকতে হবে।
তিনি জানান, হাসপাতালে অপারেশন থিয়েটারসহ প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে অস্ত্রোপচারের জন্য পাঁচজন রোগী নির্বাচন করা হয়েছে যার মধ্যে প্রথম দুইজনের অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে বাকিদেরও অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর, চক্ষু চিকিৎসক ডা. রোমেল চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মোস্তফা কামাল রাজু/এসএইচএ
