বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অ+
অ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় গড়ে ওঠা ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে সওজ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

সওজ জানায়, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দীর্ঘদিনের যানজট নিয়ন্ত্রণে সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট সরাতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সোমবার সকালে তিনটি বুলডোজার নিয়ে একযোগে উচ্ছেদ শুরু করা হয়। কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযানে নিমসার পাইকারি বাজার এলাকার প্রায় ৪ শতাধিক ভাসমান ও স্থায়ী অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার দেশের অন্যতম বৃহত্তম সবজির পাইকারি বাজার ঘিরে মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ দোকান গড়ে উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল সওজের জায়গা দখল করে এসব দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছিল। এর ফলে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের ওপরই মালামাল লোড-আনলোড করত, যার ফলে এই অংশে তীব্র যানজট ও জনভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল।

বিজ্ঞাপন

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, সওজের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়েছে এবং অবৈধ দখল উচ্ছেদে এই তৎপরতা অব্যাহত থাকবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এছাড়া এই পয়েন্টে যানজট স্থায়ীভাবে নিরসনের জন্য মহাসড়কের পাশে একটি সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।

আরিফ আজগর/আরকে

বিজ্ঞাপন