বিজ্ঞাপন

উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

অ+
অ-
উচ্চ আদালতের রায়ের পরও মিলছে না প্রাপ্য ভাতা

বরিশালে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রদান করা হচ্ছে না। ফলে অবসর-পরবর্তী সময়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে শিক্ষক-কর্মচারীদের। অনেক ক্ষেত্রে অবসর গ্রহণের তিন থেকে চার বছর পার হলেও প্রাপ্য অর্থ না পেয়ে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

তারা আরও বলেন, চাকরিকালীন বেতনের ১০ শতাংশ কেটে রাখা হলেও গত প্রায় সাত বছর ধরে সেই অর্থ পরিশোধ বন্ধ রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরিশাল সিটি কলেজে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, সংগঠনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হকসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসংঙ্গত, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্ব কর্মী দাসের করা রিট পিটিশন নং ১৩১১৮/২০১৯-এর প্রেক্ষিতে হাইকোর্ট ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি প্রদত্ত রায়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা তাদের প্রবৃদ্ধিসহ সর্বশেষ মূল বেতনের ১৬৬ মাসের সমপরিমাণ অর্থ অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেন। হাইকোর্টের এই সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বছরের পর বছর ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। ফলে পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারিরা।

বিজ্ঞাপন

দাবিগুলোর মধ্যে রয়েছে-অবসর ভাতা ও কল্যাণ ভাতা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ, ছয় মাসের বেশি বিলম্ব হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জিপি ফান্ডের সুদের হারে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান, অবসর ও কল্যাণ তহবিলে কর্তিত টাকার সুস্পষ্ট হিসাব শিট প্রকাশ, সর্বশেষ মূল বেতন স্কেল অনুযায়ী ভাতা নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের মতো উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বিশেষ ভাতা প্রদান।

এএমকে

বিজ্ঞাপন