সিরাজগঞ্জে দিন দিন হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
বিজ্ঞাপন
এর মধ্যে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৩০ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত দৈনিক প্রতিবেদনে দেখা যায়, গত ১০ এপ্রিল পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ৮৩ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিলেন এবং সে সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৫ জন। পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন একই ধরনের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ায় মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
বিজ্ঞাপন
বর্তমানে আক্রান্তদের জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে, যাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন ঢাকা পোস্টকে বলেন, যারা লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। সেই ব্যাপারে আমাদের সিরাজগঞ্জও প্রস্তুত আছে।
সিরাজগঞ্জের চরাঞ্চলে টিকাদান কর্মসূচির বিষয়ে তিনি বলেন, চরাঞ্চল হয়েছে, তাতে কি হয়েছে সব জায়গায় আমরা টিকা দেই। আমাদের মাঠকর্মী রয়েছে, তারা টিকা দেয়; এটি নতুন বিষয় না।
বিজ্ঞাপন
নাজমুল হাসান/এসএইচএ
