লালমনিরহাটের তেলিপাড়ায় চাচাত বোনের শাবলের আঘাতে তার ভাই সুমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাই-বোনদের মাঝে জমি নিয়ে হামলায় সুমন আহত হন। সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আটকরা হলেন, তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তার জের ধরে শুক্রবার রাতে উভয়পক্ষের মাঝে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। এতে শাবলের আঘাতে সুমন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমন মারা যান।
এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।
বিজ্ঞাপন
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব বলেন, সুমন হত্যার অভিযোগের এজাহার পেয়েছি। এজাহার মোতাবেক আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে।
এসএইচএ
