যশোরের চৌগাছা উপজেলায় তেল নিতে গিয়ে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা একটার দিকে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংঘর্ষে আহতরা হলেন- শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) নামের তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জ্বালানি তেল নিতে সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুতই দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তিনজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
বিজ্ঞাপন
এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চৌগাছা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রেজওয়ান বাপ্পী/এসএইচএ
