বিজ্ঞাপন

দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী তিন বাস, আহত ৮

অ+
অ-
দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী তিন বাস, আহত ৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহন করা তিনটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ৮ আনসার ভিডিপির সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে তিনটি বাসে চড়ে খুলনা যাচ্ছিলেন আনসার ও ভিডিপির সদস্যরা। তাদের বহনকারী তিনটি বাস একই লাইনে (ঢাকামুখী লেনে) চলছিল। বাসগুলো দাউদকান্দির হাসানপুর এলাকায় এলে হঠাৎ সবার পেছনের বাসের সঙ্গে মাঝখানে থাকা বাসের ধাক্কা লাগে। এতে মাঝখানের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সামনের অংশ এবং একটি বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ৮ আনসার ভিডিপির সদস্য আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কারও অবস্থাই গুরুতর নয়।

বিজ্ঞাপন

ওসি ইকবাল বাহার বলেন, ধারণা করা হচ্ছে-পাল্লা দিয়ে চলার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরিফ আজগর/এসএইচএ