মাটিচাপায় নিহত আরমান মিয়ার শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে গেলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মধ্যনগর উপজেলার শালীয়ানী গ্রামে নিহতের বাড়িতে গিয়ে নিহত আরমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরমানের কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তবে একমাত্র ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া এই বাবা চানপর মিয়া ছেলের জন্য সবার কাছে দোয়া চাইতে গিয়ে এমপির সামনেই আবারও জ্ঞান হারিয়ে ফেলেন যা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার ব্যক্তিগত তহবিল থেকে আরমানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিহতের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশ দেন।
এছাড়াও, হাওর রক্ষা বাঁধের যে স্থানে মাটিধসে আরমান প্রাণ হারান সেখানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে একটি স্লুইসগেট নির্মাণ করে সেটি আরমানের নামে নামকরণের প্রতিশ্রুতি দেন কামরুজ্জামান কামরুল।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত রোববার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুড়াডুবা হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে আরমান মিয়ার (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তামিম রায়হান/এমএএস
