বগুড়া শহরের পৌর এডওয়ার্ড পার্ক প্রাঙ্গণে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উদ্বোধনের আড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। পরে এসো হে বৈশাখ গানের তালে নৃত্যের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা। এ সময় অতিথিদের খাগরাই, মুরকি, বাতাসাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাঙালি জাতির এই সর্বজনীন উৎসব ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বগুড়ার উন্নয়নে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং ঢাকা-সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া, জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টিও প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক সভায় অনুমোদন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। স্বাগত বক্তব্য দেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন।
বিজ্ঞাপন
বৈশাখী মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ খন্দকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাছানাত আলী, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক মোজাম্মেল হক লালু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কেএম খায়রুল বাসার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান রুমেল, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাহিনসহ অনেকে।
অনুষ্ঠান শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আব্দুল মোমিন/এএমকে
