বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না, এটাই আমাদের টার্গেট

অ+
অ-
আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না, এটাই আমাদের টার্গেট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সব আমরা বাস্তবায়ন শুরু করেছি। এতগুলো কার্ডে আমরা নাগরিকদের কল্যাণে শুরু করতে চাচ্ছি। সকল নাগরিক যদি সমৃদ্ধ হয়, তাহলে দেশ-জাতি সমৃদ্ধ হবে। আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না, ইনশাআল্লাহ এটাই আমাদের টার্গেট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং কৃষকরা বাংলাদেশের মেরুদণ্ড। কৃষকরা শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা সেই চিন্তা থেকেই কৃষক কার্ডের উদ্যোগ গ্রহণ করেছি।

টেকনাফের স্থানীয় কৃষক রুহুল আমিনের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে ১ হাজার ৬৯৮ জন কৃষক কৃষাণীকে এই কার্ড বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। 

প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে এ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইফতিয়াজ নুর নিশান/আরএআর