জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশের প্রত্যেক কৃষক পর্যায়ক্রমে কৃষক কার্ড পাবে। বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না। তারা সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে। মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন এবং আজ কৃষক কার্ড বিতরণ করছেন। অনেকেই বলেছিল এসব নিতে টাকা লাগবে। কিন্তু আজ দেখেন মধ্যস্থতাকারী ছাড়াই উপকার ভোগীদের কাছে টাকা চলে যাচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জামালপুরের ইসলামপুরে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, যারা আমাদের বিরোধিতা করে বলেছেন যে কৃষক কার্ড নিতে গেলে, ফ্যামেলি কার্ড নিতে গেলে টাকা লাগবে, নেতাদের টাকা দিতে হবে। আপনারা আজকে পর্যবেক্ষণ করলেন দেখলেন। এখানে আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। কৃষক সরাসরি টাকাগুলো তাদের মোবাইলে পেয়ে যাবে। অর্থাৎ মধ্যস্বত্বভোগী কেউ এখানে থাকবে না।
এর আগে বেলা ১১টায় টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুরে ইসলামপুরে ১১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও ৪৬০ টি বিভিন্ন ফলজ বৃক্ষ চারা তুলে দেন এম রশিদুজ্জামান মিল্লাত।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ইসলামপুর-২ আসনের সংসদ সদস্য এম সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
আরএআর
