বিজ্ঞাপন

বেলুন-বাঁশি বিক্রি করে জীবন চলে বৃদ্ধ আব্দুল মান্নানের

অ+
অ-
বেলুন-বাঁশি বিক্রি করে জীবন চলে বৃদ্ধ আব্দুল মান্নানের

মাথায় ব্যান্ডেজ, হাতে রঙিন বেলুন আর বাঁশি- এই সামান্য সম্বল নিয়েই জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন আব্দুল মান্নান। স্বাধীনতার পর থেকেই বেলুন ও বাঁশি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। বয়সের ভার ও শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। বরং সংগ্রামই হয়ে উঠেছে তার জীবনের একমাত্র ভরসা।

বিজ্ঞাপন

বর্তমানে নোয়াখালীর চৌমুহনীতে বসবাস করেন মান্নান। প্রতিদিন সেখান থেকে বেলুন ও বাঁশি সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন। দিন শেষে যা আয় হয়, তা দিয়েই কোনোভাবে জোটে দু’মুঠো খাবার।

জানা যায়, তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি বজলুর রহমানের ছেলে। তবে জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরেই চৌমুহনীতেই অবস্থান করছেন তিনি। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মাঠে বৈশাখের লোকজ মেলায় দেখা যায়, একটি পুরোনো ব্যাগে জোড়া তালি দিয়ে তাতে কিছু বেলুন ও বাঁশি নিয়ে বিক্রি করছেন এই প্রবীণ মানুষটি। ক্লান্ত শরীর, মাথায় ব্যান্ডেজ—তবুও থামেনি তার পথচলা।

মেলা থেকে বেলুন ক্রেতা মো. আব্দুর রহমান বলেন, একটি ছোট ব্যাগে কিছু বেলুন নিয়ে তিনি পুরো নোয়াখালীতে ঘুরে বিক্রি করেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবুও থেমে নেই।

বিজ্ঞাপন

সংস্কৃতিকর্মী রাশেদ রানা বলেন, দু’মুঠো ভাতের জন্য তিনি এই কাজ করেন। সন্তানেরা তার খোঁজ নেয় না। এমন মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

দর্শনার্থী দেলোয়ার হোসেন বলেন, ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুলে তাকে বেলুন-বাঁশি বিক্রি করতে দেখেছি। এখনো সেই একইভাবে কাজ করে যাচ্ছেন।

আব্দুল মান্নান নিজেই বলেন, স্বাধীনতার পর থেকে এই কাজ করছি। সারাদিনে প্রায় ৩০০ টাকার মতো বিক্রি হয়। তা দিয়েই কোনোভাবে চলি। ছেলেরা খোঁজ নেয় না, তাই নিজেকেই চলতে হয়।

বিজ্ঞাপন

নোয়াখালী জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী বলেন, আব্দুল মান্নান জীর্ণ শীর্ণ শরীরে একটি জোড়া তালি দেওয়া ব্যাগ নিয়ে বেলুন বাসে বিক্রি করছেন। আমরা তার কাছ থেকে বেলুন ও বাঁশি কিনেছি। তিনি খুবই কষ্টে আছেন। এমন মানুষের কাছ থেকে পণ্য কিনে সহায়তা করা উচিত। 

তিনি আরও বলেন, আব্দুল মান্নানের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। তার কাছ থেকে একটি বেলুন বা বাঁশি কেনাও হতে পারে তার জীবনের জন্য বড় সহায়তা। একটু সহমর্মিতাই বদলে দিতে পারে এমন অনেক সংগ্রামী মানুষের জীবন।

হাসিব আল আমিন/আরকে

বিজ্ঞাপন