পাঠাও কুরিয়ারের সেরা মার্চেন্টদের বিদেশভ্রমণের টিকিট প্রদান

দেশের শীর্ষস্থানীয় লজিস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও কুরিয়ার’ চতুর্থবারের মতো তাদের সেরা মার্চেন্টদের বিমান টিকিট প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যাংকক, কাঠমান্ডু এবং কক্সবাজার যাতায়াতের ‘কাপল এয়ার টিকিট’ জিতে নিয়েছেন চারজন মার্চেন্ট।
সম্প্রতি এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পারফরম্যান্সের বিভিন্ন সূচক বিশ্লেষণ করে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।
পুরস্কার বিজয়ীদের মধ্যে ‘স্টার মার্চেন্ট’ ক্যাটাগরিতে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল এয়ার টিকিট জিতে নিয়েছেন সুন্নাহ স্কয়ারের মো. আনোয়ার হোসেন এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এয়ার টিকিট পেয়েছেন স্টাইল মার্ট ব্র্যান্ডের সাইফুল ইসলাম রানা। এছাড়া, সবচেয়ে বেশি ‘ইন্সটাপে’ ব্যবহার করে ‘বেস্ট ইন্সটাপে মার্চেন্ট’ ক্যাটাগরিতে বুরাক-এর শাকিল শেখ এবং ‘বেস্ট ইমার্জিং মার্চেন্ট’ ক্যাটাগরিতে বিউটি অফ আতিফা-এর আতিফা আক্তার জিতে নিয়েছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকিট।
ধারাবাহিক সাফল্যের এই স্বীকৃতি পাঠাও কুরিয়ারের মার্চেন্টদের জন্য এক বড় অনুপ্রেরণা। এটি কেবল তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতির স্বীকৃতিই নয়, বরং নতুন ও উদীয়মান উদ্যোক্তাদের জন্যও একটি উৎসাহব্যঞ্জক উদাহরণ। পাঠাও কুরিয়ার জানিয়েছে, ভবিষ্যতেও মার্চেন্টদের পারফরম্যান্সকে উৎসাহিত করতে এমন আয়োজন অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করে তুলছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪ লাখের বেশি পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১৫ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালিত হচ্ছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬ লাখেরও বেশি মানুষের আয়ের সুযোগ তৈরি করে দিয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
এমএন