বিজ্ঞাপন

উত্থানের বাজারে লেনদেনেও গতি, ৮৩৬ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল

অ+
অ-
উত্থানের বাজারে লেনদেনেও গতি, ৮৩৬ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে তার চেয়ে প্রায় আড়াই দ্বিগুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। লেনদেনেও গতি দেখা গেছে। লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকার ঘরে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্য দিয়ে। লেনদেনের শেষ পর্যন্ত অধিকাংশ সিকিউরিটিজ দরবৃদ্ধির তালিকায় থাকে। তবে শুরুর দিকে যতগুলো প্রতিষ্ঠান দরবৃদ্ধির তালিকায় ছিল, দিনশেষে সেই সংখ্যা কিছুটা কমে যায়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯০টির। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

সার্বিকভাবে বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ পয়েন্টে উঠেছে।

বিজ্ঞাপন

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৯৩ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৬ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৫৭ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৯ প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪০ কোটি ৩৩ লাখ টাকা।

এমএমএইচ/এসএম