বিজ্ঞাপন

প্রয়াত মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমান ও পর্যটনমন্ত্রী

অ+
অ-
প্রয়াত মায়ের ১৮ কোটি টাকার শেয়ার পেলেন বিমান ও পর্যটনমন্ত্রী

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানিতে প্রয়াত মায়ের নামে থাকা মোট ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উত্তরাধিকার সূত্রে পাওয়া ওইসব শেয়ারের বাজারমূল্য বর্তমানে ১৮ কোটি টাকার বেশি।
 
বুধবার (১৫ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানি তিনটি পৃথকভাবে উল্লেখিত শেয়ার হস্তান্তর হওয়ার তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

কোম্পানি তিনটির দেওয়া তথ্য অনুযায়ী, বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের মা এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ গত ১ মার্চ মারা যান। হুরন নাহার রশিদের মৃত্যুর পর তার হাতে থাকা মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের শেয়ার উত্তরাধিকার সূত্রে আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রয়াত হুরন নাহার রশিদের কাছ থেকে মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তরিত হয়েছে। হুরন নাহার রশিদ ছিলেন মুন্নু গ্রুপের এ তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালক। তার অবর্তমানে তিনি তারই কন্যা ও বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী আফরোজা খানমকে উত্তরাধিকার মনোনীত করে যান। সেই হিসেবে তার মৃত্যুর পর এসব শেয়ার উত্তরাধিকারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারবাজারে আজ বুধবার মুন্নু অ্যাগ্রোর প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪৯ টাকা। সেই হিসেবে মায়ের কাছ থেকে আফরোজা খানমের পাওয়া কোম্পানিটির ৮৪ হাজার ২৪৭টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ২ কোটি ৯৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

একইভাবে মুন্নু সিরামিকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৮৬ টাকা ৩০ পয়সা। সেই হিসেবে মায়ের কাছ থেকে আফরোজা খানমের পাওয়া কোম্পানিটির ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৯ কোটি ২২ লাখ টাকা।

এ ছাড়া ঢাকার বাজারে আজ মুন্নু ফেব্রিকসের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২২ টাকা ৩০ পয়সা। সেই হিসেবে মায়ের কাছ থেকে আফরোজা খানমের পাওয়া ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৬ কোটি ১ লাখ টাকা।

সম্মিলিতভাবে ওই তিন কোম্পানি ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার মায়ের কাছ থেকে আফরোজা খানম পেয়েছেন। আজকের শেয়ারদর হিসেবে যার বাজারমূল্য রয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকা।

বিজ্ঞাপন

এমএমএইচ/এসএম