শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে নিয়োগ পেলেন ৩৪৮ জন

৪৪তম বিসিএস পরীক্ষা–২০২১ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৪৮ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ৫ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের আলোকে এসব প্রার্থীকে জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনক্রমে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথমে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিসকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ ও শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের আগে একজন জামানতদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড দাখিল করতে হবে। শিক্ষানবিসকাল বা তা উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা ও অন্যান্য খরচ সরকারকে ফেরত দিতে হবে।
একইসঙ্গে চাকরিতে যোগদানের সময় কর্মকর্তাকে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা দিতে হবে। এ ছাড়া Government Servants (Conduct) Rules, 1979 অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে এবং প্রতি পাঁচ বছর পরপর হালনাগাদ তথ্য জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা যদি বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন বা করার অঙ্গীকারাবদ্ধ হন, তবে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সনদ যাচাইয়ে জাল বা মিথ্যা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল ও ফৌজদারি মামলা করা হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারি পূর্বাহ্নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে। যোগদানের স্থান নির্ধারণ করা হয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), নিউমার্কেট, ঢাকা। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং নিয়োগপত্র বাতিল হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএসএ