বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যথাক্রমে ড. মো. শরীফ নাফে আস-সাবের ও অধ্যাপক ড. সামসাদ মর্তুজাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়-এর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. শরীফ নাফে আস-সাবেরকে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর নির্ধারণ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
অন্য প্রজ্ঞাপনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তুজাকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য থাকবে—চার বছরের মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাবলে নিয়োগ বাতিলের সুযোগ এবং বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী দায়িত্ব পালন।
আরএইচটি/জেডএস