প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ৭৮ হাজার আবেদন, সময় শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৮ হাজার আবেদন জমা পড়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, আজ পর্যন্ত প্রায় ৭৮ হাজার আবেদন জমা পড়েছে। তবে কোন পদে কতজন আবেদন করেছেন, সে তথ্য এই মুহূর্তে জানানো সম্ভব নয়। এ তথ্য জানতে আরও সময় লাগবে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন করা যাবে বলেও জানান তিনি।
অন্যদিকে জানা গেছে, এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে শূন্যপদের সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। এর মধ্যে স্নাতক পর্যায়ের কলেজে অধ্যক্ষ পদে ৫৮৪টি এবং উপাধ্যক্ষ পদে ৬২৭টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৫১১টি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে রয়েছে ২৫৭টি শূন্যপদ। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষক পদে ৩ হাজার ৮৭২টি শূন্যপদ রয়েছে। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে শূন্যপদ রয়েছে ৫০৪টি।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে মোট ১৯০টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের অধ্যক্ষ ১১০টি, ভোকেশনাল প্রতিষ্ঠানে সুপারিনটেনডেন্ট ৪০টি এবং সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টি পদ রয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৩১টি। এর মধ্যে কামিল পর্যায়ে অধ্যক্ষ ৩৪টি ও উপাধ্যক্ষ ৫৩টি, ফাজিল পর্যায়ে অধ্যক্ষ ২০২টি ও উপাধ্যক্ষ ৩৪৩টি এবং আলিম পর্যায়ে অধ্যক্ষ ২১৯টি ও উপাধ্যক্ষ ৩৭৭টি পদ রয়েছে। এছাড়া দাখিল পর্যায়ে সুপারিনটেনডেন্ট ৮৯৯টি এবং সহকারী সুপারিনটেনডেন্ট ১ হাজার ৪টি শূন্যপদ রয়েছে।
সব মিলিয়ে তিনটি অধিদপ্তরের আওতায় মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫৯টি।
আরএইচটি/এসএসএইচ