নতুন শিক্ষক নিয়োগে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর লক্ষ্যে স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার তথ্য হালনাগাদ (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রমের সময়সীমা বাড়ানো হচ্ছে। রোববার (২২ ফেব্রুয়ারি) এ সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে শিক্ষক নিয়োগের চাহিদাপত্র (ই-রিকুইজিশন) দাখিল করতে পারবে না। ফলে ই-রিকুইজিশন ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের সুপারিশ প্রক্রিয়ার আওতায় আসবে না।
ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগের সুপারিশ দিয়ে থাকে এনটিআরসিএ। শূন্যপদ পূরণের জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এনটিআরসিএর অনলাইন প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে চাহিদা (ই-রিকুইজিশন) পাঠাতে হয়। ই-রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব নয়।
আরএইচটি/জেডএস