পরীক্ষার হলে নকল ধরায় পরীক্ষককে হেনস্তা করা সেই শিক্ষার্থী গ্রেপ্তার

রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্রে নকল ধরতে গিয়ে শিক্ষার্থীর হাতে শিক্ষক হেনস্তার ঘটনায় অভিযুক্ত রাসেল মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় আগারগাঁও এলাকার নৌপরিবহন অধিদপ্তরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা-পুলিশ। গ্রেপ্তার রাসেল মিয়া আইডিয়াল ল কলেজের এলএলবি শেষ বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানাকে মারধর ও হেনস্তা করা হয়। ওই ঘটনায় গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় দুজনকে আসামি করে একটি মামলা করা হয়। মামলার ২ নম্বর আসামি রাসেল মিয়াকে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে মারধর ও হেনস্তার ঘটনায় মামলার পর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলামকে এরই মধ্যে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা ঘটনার বর্ণনা দিয়ে জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্রের গেট দিয়ে বের হওয়ার পরপরই দুই শিক্ষার্থী তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে সহকর্মী ও কর্মচারীরা তাকে উদ্ধার করেন। বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হলে তার নির্দেশে দ্রুত মামলা নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএএ/বিআরইউ