সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত সদস্যসহ অন্যান্য শিক্ষকদের পদ ‘নন-ভ্যাকেশন’ বা অবকাশমুক্ত হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।
স্মারকে বলা হয়, সরকারি কলেজের শিক্ষকরা বর্তমানে ‘ভ্যাকেশন’ বিভাগের সুবিধা ভোগ করলেও এ সংজ্ঞা পর্যালোচনা ও সংশোধনের বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল। এর আগে অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে এই সংজ্ঞা পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয় এবং সে অনুযায়ী জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।
স্মারকে আরও উল্লেখ করা হয়, ‘ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। তবে এই বিধি সংশোধনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।
বিজ্ঞাপন
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক পর্যায়ে মত দিয়েছিল যে শিক্ষা খাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা যথাযথ হবে না। তবে একই সঙ্গে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যসহ অন্যান্য শিক্ষকদের শ্রান্তি-বিনোদন ছুটি এবং গড় বেতনে অর্জিত ছুটিসহ অন্যান্য সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’-এর মতামত চাওয়া হলে কমিশন জানায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্যান্য শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগের আওতায় আনার বিষয়ে ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবসম্মত ও যথাযথ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পাঠানো যৌক্তিকতা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জাতীয় বেতন কমিশনের মতামতের ওপর ভিত্তি করে সরকারি কলেজ শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এখন অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরএইচটি/বিআরইউ
