বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশির সতর্কবার্তা

অ+
অ-
ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশির সতর্কবার্তা
 

নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে না পারায় ঢাকা ও সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ৩১ জানুয়ারির মধ্যে এই প্রতিযোগিতা আয়োজনের সরকারি নির্দেশনা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা পালন করতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি, তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হলো। ভবিষ্যতে এ ধরনের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা এই আদেশে ঢাকা ও সিলেট অঞ্চলের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে তালিকাভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে বার্তাটি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তালিকায় দেখা যায়, ঢাকা অঞ্চলের ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী এবং সিলেট অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজ বার্ষিক ক্রীড়া আয়োজনে ব্যর্থ হয়েছে। ফরিদপুরের কিছু প্রতিষ্ঠান স্থানীয় লোকজনের বিঘ্ন সৃষ্টি, ফান্ডের অপ্রতুলতা এবং এমনকি ক্রীড়া শিক্ষকের আকস্মিক মৃত্যুর মতো কারণও উল্লেখ করেছে।

অন্যদিকে, রাজবাড়ী ও মাদারীপুরের অনেক প্রতিষ্ঠান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রতিযোগিতা আয়োজনে বিলম্ব হয়েছে বলে জানিয়েছে।

মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও এটি আয়োজনে অনীহা বা ব্যর্থতাকে গুরুত্বের সাথে দেখছে শিক্ষা প্রশাসন।

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ

বিজ্ঞাপন