থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগে স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গমে বিচ্ছেদের মামলা করার পর এবার বাবার সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে জ্যাসন সঞ্জয়। ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর (বিজয় নামের 'ভি') সরিয়ে ফেলেছেন।
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। অন্যদিকে গুঞ্জন যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেও এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন সঞ্জয়। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই।
এদিকে সম্প্রতি বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ায় সামাজিকমাধ্যমে বাবাকে 'আনফলো' করেছেন বলেও শোনা যাচ্ছে। তবে বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ মামলা এখন আদালতে ঘুরছে। গত কয়েক দিন ধরেই তাদের সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন জগতে চলছে নানা আলোচনা।
বিজ্ঞাপন
আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। বারবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।
এ নিয়ে সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে বিজয় মুখ খুলেছেন। ভক্ত ও সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অযথা মাথা ঘামাবেন না, যা রটছে রটতে দিন। সব মিলিয়ে দীর্ঘদিনের সুখী দম্পতি হিসেবে পরিচিত বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ এবং ছেলের এমন কঠোর অবস্থান দক্ষিণী সিনেমা পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ডিএ