ছোটবেলা থেকেই মনের কোণে একটা স্বপ্ন লালন করতেন তিনি। তখন ক্লাস এইট কি নাইনে পড়েন। ভাবতেন, একদিন নাটক নির্মাণ করবেন, মানুষের না বলা গল্পগুলো পৌঁছে দেবেন সবার কাছে। তার সেই কিশোরবেলার স্বপ্নই আজ বাস্তবে রূপ নিয়েছে। তিনি আর কেউ নন, দেশের নাট্যঙ্গনের পরিচিত মুখ জুলফিকার ইসলাম শিশির।
বিজ্ঞাপন
শিশিরের এই যাত্রার শুরুটা ছিল ঠাকুরগাঁওয়ের 'নিশ্চিন্তপুর থিয়েটার' থেকে। সেখান থেকেই শুরু হয় তার নাট্যজীবনের পথচলা। মঞ্চ নাটকের মাধ্যমে ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা গড়ে তোলেন তিনি। অভিনয় করেছেন অসংখ্য মঞ্চনাটকে, পাশাপাশি ৫০০–এরও বেশি পথনাটকে অংশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের গল্প ও সমাজের বাস্তবতা তুলে ধরেছেন।
পরবর্তীতে স্বপ্নকে বড় পরিসরে বাস্তবায়ন করতে শিশির ঢাকায় এসে যুক্ত হন 'চারুনীড়ম থিয়েটার'-এর সঙ্গে। থিয়েটারের এই অভিজ্ঞতা তার শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করে এবং তাকে নাট্য নির্মাণের জগতে দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।

তৃণমূল থেকে উঠে আসা এই নির্মাতা এখন পর্যন্ত নির্মাণ করেছেন দেড় শতাধিক টেলিভিশন নাটক। তার নাটকগুলোতে উঠে আসে মানুষের জীবন, সম্পর্ক, হাসি-কান্না এবং সমাজের নানা বাস্তব গল্প, যা দর্শকদের মনে সহজেই জায়গা করে নেয়। মোশাররফ করিম, নিলয় আলমগীর, জোভান, মারজুক রাসেল কিংবা আরশ খানের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে কাজ করে শিশির কুড়িয়েছেন দর্শকদের প্রশংসা। তার পরিচালিত 'পিতা পুত্রের বয়স' নাটকটি ইতোমধ্যে ৩০ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে।
বিজ্ঞাপন

দীর্ঘ এই পথচলা শেষে এবারের ঈদ বিশেষ আয়োজনে শিশির নিয়ে আসছেন তার নতুন ধামাকা 'সত্যবাদী বউ'। এই বিশেষ নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নীলঞ্জনা নীলা। নির্মাণশৈলী আর গল্পের ভিন্নতায় নাটকটি এবারের ঈদের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
জুলফিকার ইসলাম শিশিরের কাছে একজন শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করেই আগামীর দিনগুলোতে আরও নতুন নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চান এই নির্মাতা।
ডিএ
