এপস্টেইন নথিতে বিল গেটসের নাম, যা বললেন মেলিন্ডা

মার্কিন কারগারে নিহত ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ও বিভিন্ন মানবিক গবেষণা ও উদ্যোগে অর্থদাতা বিল গেটসের নাম থাকা নিয়ে মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ (গেটস)।
এক পডকাস্ট শো’তে তিনি বলেছেন, এই ঘটনা তাকে তার বিবাহিত জীবনের ‘খুবই যন্ত্রণাকর’ সময়গুলোর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের সাংবাদিক র্যাচেল মার্টিনের পডকাস্ট শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মেলিন্ডা। সেখানে এপস্টেইন ফাইলে বিল গেটসের নাম থাকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ব্যাপারটি জানার পর থেকে খানিকটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ এই তথ্য আমাকে আমার বিবাহিত জীবনের খুব যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিচ্ছে।”
“তবে আমি এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই না এবং কোনো প্রশ্নের উত্তর দিতেও আগ্রহী নই। কারণ আমার মনে হয়, যাদের নাম (এপস্টেইন নথিতে) এসেছে— তাদেরই বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন, আমার নয়।”
গত ৩০ জানুয়ারি শুক্রবার মার্কিন আদালতের নির্দেশে এপস্টেইনের গোপন অপরাধ সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার নথি বা ফাইল প্রকাশ করা হয়। সেসব নথির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে ৭৫ একর এলাকাজুড়ে নিজের ‘সাম্রাজ্য’ স্থাপন করেছিলেন ধনকুবের এবং বিনিয়োগকারী জেফ্রি এপস্টেইন। তার সেই ‘সাম্রাজ্যে’ প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা, বিনোদন ও ক্রীড়াজগতের প্রভাবশালী লোকাজনসহ বৈশ্বিক ভিআইপিদের আমন্ত্রণ জানাতেন তিনি। আমন্ত্রিত সেসব অতিথিদের জন্য মদ, মাদক, নারীসহ সব ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল।
এপস্টেইনের প্রকাশিত নথি থেকে জানা গেছে, তার অতিথিদের তালিকায় বিল গেটসও ছিলেন এবং বেশ কয়েক বার ভার্জিন দ্বীপে এপস্টেইনের সেই সাম্রাজ্যে অতিথি হিসেবে গিয়ে রুশ মডেল ও উচ্চ শ্রেনীর রুশ যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
বিল গেটস এখনও এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তার এক মুখপাত্র এ অভিযোগকে ‘মিথ্যা, উদ্ভট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
সূত্র : এএফপি
এসএমডব্লিউ