সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। রোববার সাইপ্রাসে ব্রিটিশ সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে বলেছেন, ইরান থেকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাইপ্রাসে বর্তমানে কয়েক হাজার ব্রিটিশ সৈন্যের অবস্থান রয়েছে।
তিনি বলেন, ‘‘ওই ক্ষেপণাস্ত্র সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে আমরা মনে করি না। তবে এটি স্পষ্ট, একটি দেশ পুরো অঞ্চলজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং এর ফলে হুমকি বাস্তব ও ক্রমবর্ধমান হয়ে উঠেছে। এ পরিস্থিতি আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।
ব্রিটিশ এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, শনিবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ব্রিটিশ সৈন্যদের অবস্থান থেকে কয়েকশ’ গজ দূরে আঘাত হেনেছে।
শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ শহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কমান্ড হেডকোয়ার্টার এবং তেল আবিবে প্রতিরক্ষা বাহিনীর একটি বড় শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
• খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : পুতিন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার এক বিবৃতিতে ওই শোক জানিয়েছেন তিনি।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি ‘‘নৃশংস হত্যাকাণ্ড’’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
সূত্র: এএফপি।
এসএস